ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১০ নভেম্বর ২০২১
আপডেট: ১৫:৫২, ১০ নভেম্বর ২০২১

পদ্মশ্রী পদক গ্রহণ করলেন সন্জীদা খাতুন ও সাজ্জাদ আলী

সন্জীদা খাতুন ও সাজ্জাদ আলী জহির

সন্জীদা খাতুন ও সাজ্জাদ আলী জহির

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী-২০২১’ গ্রহণ করলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্জীদা খাতুন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তারা।

এই অনুষ্ঠানে ২০২১ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এতে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন।

গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকার ২০২১ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। যার মধ্যে ছিল সন্জীদা খাতুন ও  লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহিরের নাম।

বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী, গবেষক ও শিক্ষক সন্জীদা খাতুন বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এর সভাপতির দায়িত্বে রয়েছেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য তিনি। সন্জীদা খাতুন ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং ১৯৫৫ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। ১৯৭৮ সালে বিশ্বভারতী থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

উল্লেখ্য, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ‘ভারতরত্ন’। ‘পদ্মবিভূষণ’ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ‘পদ্মভূষণ’ তৃতীয় ও ‘পদ্মশ্রী’ চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।

অন্য রাষ্ট্রীয় পুরস্কারগুলোর মতো অর্থ বা বিশেষ সুবিধা নেই পদ্ম পুরস্কারে। পুরস্কার বিজয়ীরা ভারতের রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিলমোহরযুক্ত সনদ পান। এ ছাড়া তাঁরা পদকের একটি রেপ্লিকা পেয়ে থাকেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়