ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ১৪ নভেম্বর ২০২১

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

রামনাথ কোবিন্দ

রামনাথ কোবিন্দ

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে তিনি আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এটি রামনাথ কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর হবে। 

রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ‘আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতোমধ্যে ভারত দেশটির রাষ্ট্রপতির বাংলাদেশ সফর নিশ্চিত করেছে। তবে এখনও ভুটানের পক্ষ থেকে দেশটির সাবেক রাজার সফরের বিষয়টি নিশ্চিত করেনি।’

আগামী ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশক। ইতিহাসের এই সন্ধিক্ষণ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি। ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, ভারতের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর তিন দিনের হচ্ছে। রামনাথ কোবিন্দের ১৫ ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরের দিন তিনি দেশে ফিরে যাবেন।

এর আগে চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ