ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২০, ১৫ নভেম্বর ২০২১

‘এখন আর দেশের বাইরে গিয়ে কথা শুনতে হয়না’

বাংলাদেশের কাউকে এখন আর বাইরে গিয়ে কথা শুনতে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন আমরা আর পিছিয়ে নেই। বারবার আমাকে ভোট দেওয়ায় দেশের জনগণকে ধন্যবাদ জানাই। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন সারাবিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না।

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চলমান পঞ্চদশ অধিবেশনের সাধারণ আলোচনায় সাম্প্রতিক বিদেশ সফরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী একথা বলেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন এবং প্যারিসে ইউনেস্কোর ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি বেশকিছু অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফর শেষে রবিবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সাধারণ আলোচনায় স্বাধীনতার পর দেশের অর্থনীতির উন্নয়নে জাতির পিতার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পর আমরা কী দেখেছি? ১৯টা ক্যু হয়েছে। হাজারো সেনাবাহিনীর অফিসার ও সৈনিক, বিমান বাহিনীর অফিসার ও সৈনিক এবং সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। কারাগারে ফেলে রাখা হয়েছে, নির্যাতন চলেছে। গুলি-অস্ত্র, দুর্নীতি- এটাই ছিল জননীতি।’

‘এর বাইরে একটা দেশকে যে উন্নত করা যায়, সেদিকে কোনো আন্তরিকতাই আমরা দেখিনি। আমি বাংলাদেশে আসার পর কী দেখেছি? বিজ্ঞান পড়েই না মানুষ। এই অবস্থা! বিজ্ঞানের প্রতি কোনো আগ্রহ নেই। গবেষণা তো ছিলই না। কোনো বিশেষ বরাদ্দও ছিল না’।

১৯৯৬ সালে ক্ষমতায় এসে তার সরকারের বিজ্ঞান-প্রযুক্তিতে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এখন আমরা পিছিয়ে নেই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণকে। তারা বারবার আমায় ভোট দিয়েছে। সেবা করার সুযোগ দিয়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করেছি। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন সারাবিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না।’

করোনাভাইরাসের টিকা উৎপাদন করে অন্য দেশকে দেওয়ার বাংলাদেশের সক্ষমতার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে করোনাভাইরাস মোকাবেলায় আমাদের যে সাফল্য, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমি এটাও বলে এসেছি, আমরা নিজেরা ভ্যাকসিন তৈরি করতে চাই। ভ্যাকসিন তৈরি করার যে বাধাগুলো আছে সেগুলি আপনাদের সরিয়ে দিতে হবে।’

করোনাভাইরাসের টিকা সর্বজনীন করতে বিশ্বনেতাদের প্রতি তার আহ্বান জানানোর বিষয়টি তুলে ধরে সংসদ নেতা বলেন, ‘এটি উন্মুক্ত করতে হবে। এটা জনগণের প্রাপ্য। জনগণের সম্পদ হিসেবে দিতে হবে। সারাবিশ্বে কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে দূরে না থাকে। আমাদেরকে সুযোগ দিলে আমরা উৎপাদন করব। আমরা বিশ্বে দিতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। জমিও নিয়ে রেখেছি। এভাবে উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছি।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ