ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ২১ নভেম্বর ২০২১

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল সোমবার

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল সোমবার (২২ নভেম্বর)। এদিন নির্বাচন কমিশনের ৯০তম সভার এজেন্ডায় এ ধাপের ভোটের বিষয়টি রাখা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

এর আগে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে সিইসি জানান, আগামী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মূলত ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, পঞ্চম ধাপে প্রায় এক হাজারের মতো ইউপির তফসিল ঘোষণা করা হবে। এছাড়া এ ধাপের ইউপি ভোটের তারিখ ও ইউপির সংখ্যা ঘোষণা করা হবে। আগামীকাল (সোমবার) কমিশন সভায়ই পঞ্চম ধাপের ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়