ঢাকা, সোমবার ০৬ জুলাই ২০২৬,   আষাঢ় ২২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ২৬ ফেব্রুয়ারি ২০২২

আজ লক্ষ্যমাত্রা এক কোটি ডোজ টিকা দেওয়ার

ইতিমধ্যে দেশের সিংহভাগ মানুষ টিকার আওতায় চলে এসেছে। সরকার এবার এক দিনে এক কোটি মানুষকে টিকা দিয়ে এই কর্মসূচি ত্বরান্বিত করতে চায়। সে লক্ষে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) এক দিনে দেশের এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে এর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গণটিকাদান কর্মসূচিতে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই করোনা টিকার প্রথম ডোজ নেওয়া যাবে। এজন্য সারাদেশের টিকাদান কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে।

গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক জানান, ২৬ ফেব্রুয়ারি বা এর আগে সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নেওয়া যাবে, তখন কোনো ধরনের নিবন্ধন বা কাগজপত্র লাগবে না।

শামসুল হক বলেন, গণটিকাদানের জন্য প্রতিটি ইউনিয়নে তিনটি কেন্দ্র স্থাপন করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যরা এসব স্থান নির্ধারণ করবেন এবং সেগুলো স্কুল, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র হতে পারে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনটি করে দল থাকবে। সেদিন নির্ধারিত কেন্দ্রের বাইরেও প্রতি উপজেলায় পাঁচটি, প্রতি জেলায় ২০টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৩০টি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি জোনে ৪০টি, বরিশাল, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহে প্রতিটি জোনে ৬০টি করে এবং খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুরের প্রতিটি জোনে অতিরিক্ত ২৫টি করে ভ্রাম্যমাণ দল থাকবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার দলগুলো ৩০০ জন এবং সিটি করপোরেশনের দলগুলো ৫০০ জন করে টিকা দেবে বলে তিনি জানান।

গত ১৫ ফেব্রুয়ারি চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে আহ্বান করব টিকা নেওয়ার। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।

মন্ত্রী বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে এক কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট নিয়েছি। দরকার হলে দেড় কোটি ডোজ দেব। আমাদের হাতে দশ কোটি ডোজ টিকা আছে। এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea