ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৭, ২৫ ডিসেম্বর ২০২০

অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য: সেতুমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীত জেঁকে বসেছে। তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সব স্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য। 

শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন সেতুমন্ত্রী।  

শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর। এরই মধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনোভাবেই মনোনয়ন দেয়া হবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে সবাইকে সতর্ক করে বলেন, দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দেবে, তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র। গণতন্ত্র একদিনে মহীরুহে রূপান্তরিত হয় না, পার করতে হয় অনেক পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে যে যাত্রা চলমান, তাতে সবার সহযোগিতা প্রয়োজন।

ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে সব অংশীজনদের গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষা এবং একে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিরোধী দলেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামী ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বব্যাপী খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে তাদের শুভেচ্ছা জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়