ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮, ২৬ ডিসেম্বর ২০২০

আইনমন্ত্রী বললেন

বিদ্যমান আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধান অন্তর্ভুক্ত হচ্ছে

ফাইল ছবি

ফাইল ছবি

বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি সহজ করতে দেশের বিদ্যমান আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বিধান অন্তর্ভুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ (শনিবার) বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বিচারকাজ পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০’ প্রণয়ন করেছে।

তিনি বলেন, বিচার বিভাগ ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা শুরু করেছে। যদিও ভার্চুয়াল এডিআর প্রবর্তনের বিষয়ে আমাদের অনেক দূর যেতে হবে। ফোন কনফারেন্স ও ইন্টারনেটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশিত এডিআর অনুশীলন করা যেতে পারে।

দেশের সব আদালতে বিচারাধীন ৩৬ লাখ মামলার প্রেক্ষাপটে এডিআরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের অবশ্য করণীয়, যোগ করেন তিনি।

আইন মন্ত্রী আরো বলেন, বিশ্বব্যাপী মহামারির মধ্যে টিকে থাকতে হলে এবং আমাদের অর্থনৈতিক উন্নতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে এডিআর পদ্ধতির বিকল্প নেই।

ওয়েবিনারে হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হাসান বিশেষ অতিথির বক্তৃতায় সালিশী আইন ২০০১ এ এডিআর এর বিধানগুলো পর্যালোচনা করে বলেন, ‘এতে বিয়াক এর প্রাতিষ্ঠানিক ভূমিকা নির্দেশিত আছে।’

তিনি বর্তমান সালিশী আইন সংশোধনের জন্য কয়েকটি প্রস্তাবও উপস্থাপন করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়