ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:০১, ২৭ ডিসেম্বর ২০২০

২৪ পৌরসভায় ভোটগ্রহণ শুরু কাল

প্রথম ধাপে দেশের ২৪ পৌরসভায় সোমবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাহী ও বিচারিক হাকিমরাও মাঠে রয়েছেন।

আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও ময়র পদে প্রতিদ্বদ্ধিতা করছেন।

ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ইতোমধ্যে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় পরিবেশ ও পরিস্থিতি ভালো। আইন শৃঙ্খলাবাহিনী মাঠে রয়েছে। কোনো ধরনের অভিযোগের প্রতিবেদন পাওয়া যায়নি। ইভিএমে ভোটের সব ব্যবস্থা নেয়া হয়েছে।

আগামীকাল যেসব পৌরসভায় ভোট হবে তা হলো-পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোণার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুন্ডু।

এর আগে গত ২২ নভেম্বর প্রথম ধাপের ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনী মাঝপথে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী মারা যান। ওই পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৪টি পৌরসভায় আগামীকাল ভোটগ্রহণ হতে যাচ্ছে।

এদিকে ২৪ পৌরসভায় মেয়র পদে প্রার্থী রয়েছেন ৯০ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ৮৪৮ জন প্রতিদ্বন্ধিতা করছেন। একটি পৌরসভায় ১ জন মেয়র, ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন করে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন। ভোটের পরপরই ফল নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এবছর বৈশ্বিক মহামারী করোনার কারণে ৪ ধাপে পৌর নির্বাচন করছে কমিশন। এরমধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২ পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ হবে।

আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোটের তারিখ রেখে সর্বশেষ তফসিল দেয়া হয়েছে। বাকি যেসব পৌরসভা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন উপযোগী হচ্ছে, সেসব এলাকায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ করা হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়