ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২২, ২৮ ডিসেম্বর ২০২০
আপডেট: ১২:০৩, ২৮ ডিসেম্বর ২০২০

ইভিএমে চলছে ২৪ পৌরসভার ভোটগ্রহণ

ফাইল ছবি

ফাইল ছবি

প্রথম ধাপে পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। প্রথম ধাপে ২৪ পৌরসভায় ভোট নেওয়া হচ্ছে। প্রথম ধাপে প্রতিটি পৌরসভা নির্বাচনে এবার ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।  সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গাজীপুরের শ্রীপুর পৌরসভার একজন প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করে ইসি। ফলে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় চলছে ভোট গ্রহণ।

যেসব পৌরসভায় ভোট গ্রহণ চলছে-

পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ড।

২৪ পৌরসভায় মেয়র পদে প্রার্থী রয়েছেন ৯০ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ২৭৭ জন এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর ৮৪৮ জন প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিটি পৌরসভায় ১ জন মেয়র, ৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৯ জন করে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হবেন। ভোটের পরপরই ফল নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে গত শনিবার মধ্যরাতে ভোটের প্রচার শেষ হয়। প্রচারের শেষ মুহূর্তের কিছু ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। কুষ্টিয়ায় নির্বাচনী হামলায় একজন মারা গেছেন।

ঢাকার ধামরাই পৌর নির্বাচনকে কেন্দ্র করে তিন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে।

এদিকে নির্বাচনী পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল শুরু করেছেন গত শনিবার থেকেই। চার স্তরের নিরাপত্তা থাকছে ভোটের পরের দিন পর্যন্ত। সঙ্গে রয়েছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। দেশের ২৪ পৌরসভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হবে এমনটাই আশা নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। প্রথম ধাপের মাধ্যমে পৌরসভায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলো। দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় এবং তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হবে। চতুর্থ ধাপের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে মেয়র পদে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। ওই সময় ২০টি দল ভোটে অংশ নেয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়