ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ২৮ ডিসেম্বর ২০২০

পর্বতারোহী রত্নাকে গাড়ি চাপা: চার্জশিট দাখিল

সংগৃহীত

সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে পাশ থেকে ধাক্কা মারা মাইক্রোবাস চালক এস এম দারুস সালামকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।

একই সাথে অপর আসামি মো. নাইমের বিরুদ্ধে অপরাধ প্রমাণের মতো কোনো সাক্ষী-প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মোবারক আলী ২০ জনকে সাক্ষী করে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। অপর আসামি মো. নাইমের বিরুদ্ধে অপরাধ প্রমাণের মতো কোনো সাক্ষী-প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়।

তিনি আরও বলেন, সোমবার (২৮ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলাটি ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে বদলি করেন। আগামী ৪ জানুয়ারি মামলাটি শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ভিডিওচিত্র পর্যালোচনা করে দেখি ঘটনার সময় কালো/ধূসর রংয়ের দুটি মাইক্রোবাস গণভবনের ক্রসিংয়ের দিকে প্রবেশ করে। এ সময় ভুক্তভোগী পর্বতারোহী রেশমা নাহার রত্মা বাইসাইকেলে করে রাস্তার বাম থেকে ডান দিকে যাওয়ার জন্য ইউটার্ন নেন। তখন রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গতিতে দুটি গাড়ি যাচ্ছিল। তখন রত্নার পেছন থাকা একটি মাইক্রোবাস ব্রেক করে বাম দিক দিয়ে কেটে চলে যায়। তবে এই গাড়ির পেছনে থাকা অপর আরেকটা গাড়ি ওই গাড়ির ডান দিক দিয়ে কেটে যাওয়ার সময় রত্নার বাইসাইকেলে ধাক্কা দেয়।’

উল্লেখ্য, গত ৭ আগস্ট চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন পর্বতারোহী রেশমা নাহার রত্না। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রত্নার দুলাভাই মো. মনিরুজ্জামান একটি মামলা করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়