ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩, ২৮ ডিসেম্বর ২০২০

অর্থ আত্মসাৎ: এসকে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভাই-ভাতিজা

ফাইল ছবি

ফাইল ছবি

ফারমার্স ব্যাংক থেকে ঋণের চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শংখজিৎ সিনহা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। 

আজ (সোমবার) ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম এই তারিখ ঠিক করেন।
 
সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা আদালতকে বলেন, তিনি অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা। এস কে সিনহা তার আপন ছোট ভাই। নৌ অধিদপ্তরের প্রধান বাতিরক্ষক কর্মকর্তা হিসেবে ২০১২ সালে তিনি অবসরে যান। তার ও ভাতিজা শঙ্খজিতের শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় একটি যৌথ হিসাব রয়েছে। ২০১৬ সালে ওই হিসাব খোলা হয়। এস কে সিনহা সরকারি পদে কর্মরত ছিলেন। তাই ব্যাংক হিসাব খোলার সমস্যা থাকায় তিনি (এস কে সিনহা) তাকে একটি হিসাব খুলতে বলেন। পরে তিনি উত্তরা শাখায় শাহজালাল ইসলামী ব্যাংকে একটি হিসাব খোলেন। আগে থেকেই ওই ব্যাংকের ব্যবস্থাপক সবকিছু প্রস্তুত রেখেছিলেন। তিনি ও তার ভাতিজা শঙ্খজিৎ গিয়ে কাগজপত্রে স্বাক্ষর করেন। ওই ব্যাংক হিসাবে তিনি কোনো টাকা জমা দেননি কিংবা কোনো টাকা সেখান থেকে উত্তোলন করেননি। কোনো চেকেও তিনি স্বাক্ষর করেননি। মামলার তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে তিনি জানতে পারেন, তাদের যৌথ ব্যাংক হিসাবে দুটি চেকের মাধ্যমে টাকা গেছে। একটি চেকে টাকার পরিমাণ ছিল ১ কোটি ৪৯ লাখ ৬ হাজার টাকা এবং অন্য চেকে টাকা জমা হয় ৭৪ লাখ ৫৩ হাজার টাকা।

নরেন্দ্র কুমার সিনহা আদালতকে আরো বলেন, উত্তরা শাখার শাহজালাল ইসলামী ব্যাংকে তার হিসাবে এস কে সিনহার সুপ্রিম কোর্টের অ্যাকাউন্ট থেকে ওই টাকা জমা হয়।

অন্যদিকে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাতিজা শঙ্খজিৎ সিংহ আদালতকে বলেন, তিনি একটি পোশাক কারখানার বায়িং হাউসে কর্মরত আছেন। ঢাকা ব্যাংকের ইপিজেড শাখায় তার একটি হিসাব খোলা আছে। এস কে সিনহা সম্পর্কে তার দূরসম্পর্কের চাচা। তার নির্দেশে শাহজালাল ইসলামী ব্যাংক উত্তরা শাখায় তিনি ও এস কে সিনহা একটি যৌথ হিসাব খোলেন। এস কে সিনহার নির্দেশে চেকের প্রতিটি পাতায় তিনি স্বাক্ষর দেন। এগুলোর মাধ্যমে কীভাবে টাকা তোলা হয়েছে, সে সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। পরে তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে পারেন, তাদের শাহজালাল ইসালামী ব্যাংক উত্তরা শাখার হিসাবে এস কে সিনহার সুপ্রিম কোর্টের ব্যাংক হিসাব থেকে টাকা জমা হয়। এই মামলায় গত ১৩ আগস্ট সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

কারাগারে থাকা তৎকালীন দি ফারমার্স ব্যাংক লিমিটেডের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে (বাবুল চিশতী) কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

আদালতে হাজির ছিলেন জামিনে থাকা মামলার আসামি দি ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিটপ্রধান গাজী সালাহউদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ও ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক এবং টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। 

এ মামলায় পলাতক চারজন। তারা হলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, দি ফারমার্স ব্যাংকের গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী, এস কে সিনহার কথিত পিএস রণজিৎ চন্দ্র সাহা ও রণজিতের স্ত্রী সান্ত্রী রায় (সিমি)।

আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী আমিনুল গনি ও শাহিনুর ইসলাম।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়