ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ৩০ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:২৪, ৩০ ডিসেম্বর ২০২০

সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলার তদন্তে পিবিআই

সাঈদ খোকন

সাঈদ খোকন

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান বরাদ্দে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ৩১ জানুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন ও ওয়ালিদ।

এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন এ মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন। আদালতের পেশকার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মো. নাহিদ ইসলাম চৌধুরী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ৮ ডিসেম্বর থেকে ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট-২-এর নকশাবহির্ভূত দোকান ভাঙা শুরু করে। যেখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান ছিল। যাদের কাছে থেকে বিনা রশিদে সংঘবদ্ধ চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগে আমরা আদালতে মামলা করেছিলাম। আদালত হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্তনাদ শুনে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তদন্তে এ মামলার সবকিছু প্রকাশ পাবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়