ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ১ জানুয়ারি ২০২১

বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে

ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের পাশের দেশ ভারত শুধু সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে বই দেয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সরকারি-বেসরকারি, কিন্ডারগার্টেনসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিনেই বিনা মূল্যে বই তুলে দিচ্ছেন। পৃথিবীর আর অন্য কোনো দেশে এমন নজির নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।

আজ (শুক্রবার) সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আগামীতে মেহেরপুর হবে শিক্ষানগরী। শতভাগ শিক্ষিত জেলা হিসেবে বাংলাদেশের মডেল হবে মেহেরপুর। এর মধ্যে শিক্ষাকে আরো একধাপ এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ অনুমোদন দিয়েছেন। এ ছাড়া প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই দৃষ্টিনন্দন ভবন উপহার দিয়েছেন। শিক্ষা খাতে আমরা আর পিছিয়ে থাকব না।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান।

প্রসঙ্গত এ বছর প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষায় মেহেরপুর জেলায় মোট ১২ লাখ ৬৬ হাজার ৯৪টি বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতির কারণে প্রথম দিনে শুধু একটি শ্রেণির শিক্ষার্থীদের একাংশকে বই তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে ১৬৮টি মাধ্যমিক, কারিগরি, মাদরাসা ও ২৮০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়