ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:০৭, ৩ জানুয়ারি ২০২১

সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাবেক মন্ত্রী এবং আওয়ামীলীগের দুই বারের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ। ৬৮ বছর বয়সে মারা যান বাংলাদেশের এই খ্যাতিমান রাজনীতিবিদ।

সৈয়দ আশরাফের গোটা পরিবারই একটি রাজনৈতিক পরিবার। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তার পিতা। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন সৈয়দ আশরাফ।

সততা, নিষ্ঠা, নীতির প্রশ্নে আপোসহীন ও শুদ্ধ রাজনীতির কারণে আওয়ামীলীগের সাবেক এই সাধারণ সম্পাদক দলমত নির্বিশেষে দেশের সব মানুষের অত্যন্ত শ্রদ্ধাভাজন হয়ে উঠেছিলেন।

দুই মেয়াদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী এই নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের কবরে নেতারা শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় প্রয়াত এ নেতার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ওয়ান ইলেভেন পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনে তিনি টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৬ সালের সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর তিনি যুক্তরাজ্য চলে যান। প্রবাস জীবনে তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সংগঠিত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আশরাফুল ইসলাম ১৯৯৬ সালে দেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 

এ সময় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় তিনি নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০০৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি এক কন্যার জনক। তাঁর স্ত্রী শিলা ইসলাম ২০১৭ সালের অক্টোবরে মারা যান।

সৈয়দ আশরাফ ১৯৫২ সালের ১ জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। সৈয়দ আশরাফ ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। স্বাধীনতার পর তিনি ময়মনসিংহ জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আশরাফুল ইসলাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশ নেন। তিনি মুক্তিবাহিনীর একজন সদস্য ছিলেন। ভারতের দেরাদুনে প্রশিক্ষণ নেন তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়