ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ৩ জানুয়ারি ২০২১

জামিন পেলেন বিএনপি নেতা মীর নাছির

বিএনপি নেতা মীর মো. নাছির উদ্দিন

বিএনপি নেতা মীর মো. নাছির উদ্দিন

দুর্নীতি মামলায় কারাগারে থাকা সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী বিএনপি নেতা মীর মো. নাছির উদ্দিনকে করোনা মহামারী বিবেচনায় জামিন দিয়েছে আপিল বিভাগ।

রোববার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের ভার্চুয়াল আপিল বেঞ্চ মীর মো. নাছির উদ্দিনের জামিনের আদেশ দেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় জামিন আদেশ দেওয়া হলো।’

আদালতে মীর নাছিরের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের সময় ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাছির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

ওই বছরের ৪ জুলাই বিশেষ জজ আদালত মীর নাছির উদ্দিনকে ১৩ বছর এবং তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক আপিল করেন।

হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাছিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের এ রায় বাতিল চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগ ২০১৪ সালের ৩ জুলাই হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় হাইকোর্টেই শুনানি ও বিচার করার নির্দেশ দেন।

এ নির্দেশে হাইকোর্টে পুনরায় শুনানি হয়। শুনানি শেষে ২০১৯ সালের ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ। রায়ে বাবা-ছেলেকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রাখা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়