ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ৩ জানুয়ারি ২০২১

‘প্রযুক্তিনির্ভর চৌকস বাহিনীতে পরিণত হচ্ছে পুলিশ’

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

যেকোন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, লোকবল ও থানা বৃদ্ধি এবং নতুন সংযোজনে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর চৌকস বাহিনীতে পরিণত হচ্ছে পুলিশ।

তিনি বলেন, ভৌত অবকাঠামো উন্নীতকরণ ও নতুন যানবাহন সংযোজনসহ অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি চৌকস বাহিনী হিসেবে পুলিশের ক্রমাগত উন্নয়নে সরকার সদা সচেষ্ট রয়েছে।

আজ (রবিবার) সারদা পুলিশ একাডেমিতে ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবীস সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবিলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকা জলদস্যুমুক্তকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালনাসহ দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ। 

প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সুপারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এরা হলেন- বেস্ট শ্যুটার ও বেস্ট ফিল্ড পারফর্মার আবুল হোসাইন, বেস্ট ইন হর্সম্যানশিপ ফয়জুল ইসলাম এবং একাডেমিক ও বেস্ট প্রবেশনার শ্নেহশীর্ষ কুমার দাস। প্যারেডে ১৩ জন নারী অফিসারসহ ৯৭ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

স্বাগত বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, বর্তমান সময়ে দ্রুত পরিবর্তনশীল সমাজব্যবস্থায় বদলে যাচ্ছে অপরাধের ধরণ ও এর গতিপ্রকৃতি, যুক্ত হচ্ছে নতুন নতুন অনুষঙ্গ। তাই নিষ্ঠা, সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিনিয়ত অধ্যয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত উৎকর্ষ অর্জন করতে হবে। তোমাদের হয়ে উঠতে হবে নিপীড়িত মানুষের আশ্রয়স্থল।

সমাপনী কুচকাওয়াজ আরো উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৪ আসনের এমপি প্রকৌশলী এনামুল হক, সংরক্ষিত মহিলা এমপি আদিবা আঞ্জুম মিতা, পুলিশের নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা।
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়