ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৩, ৪ জানুয়ারি ২০২১

আজ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

ফাইল ছবি

ফাইল ছবি

আজ সোমবার। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে উপমহাদেশের সর্ববৃহৎ এ ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। এছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ।

ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতাকর্মীরা পরে জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন এবং এখনও দিয়ে যাচ্ছেন। বর্তমান জাতীয় রাজনীতির অনেক শীর্ষনেতার রাজনীতিতে হাতেখড়িও হয়েছে ছাত্রলীগ থেকে। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২০২০ সালের ৪ জানুয়ারি ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণ দায়িত্ব পান সভাপতি আল নাহিয়ান খান জয়  ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এর আগে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর থেকে তারা দুজনই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে।

ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তন বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভা হবে।  সভায় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন বাংলাদেশ ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়