ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৩, ৫ জানুয়ারি ২০২১

দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বকে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনা মোকাবিলায় বিশ্ব দরবারে শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন। সারাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বকে চায়। কারণ তার হাত ধরেই এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সরকার বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে। এর পেছনে কাজ করছেন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ঐতিহ্য অনুযায়ী দলমত নির্বিশেষে মানুষের পাশে ছিলেন।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ধানমন্ডির হোয়াইট হল কনভেনশন সেন্টারে উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিট থেকে শুরু করে গঠনতন্ত্র মেনে দলের কমিটি গঠন করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনার সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। তাই প্রতিটি ইউনিট থেকে শুরু করে সব কমিটি গঠনতন্ত্র মেনে কমিটি গঠন করতে হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশের নেতাকর্মীরা ঢাকা মহানগরের দিকে তাকিয়ে থাকে। ঢাকার কমিটি অনেক শক্তিশালী হয়। আমাদের নেতৃত্বে কখনো ভাটা পড়বে না। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার ঘটনা যারা ঘটিয়েছে তাদের সবাইকে আটক করা হয়েছে। কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সঙ্গে যারা জড়িত তাদেরও চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিচারও হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিরোধিতা করছে তারা সবাই ভুল বুঝাবুঝির মধ্যে ছিল। সবার আইন মেনে চলতে হবে। আইন হাতে তুলে নেয়া যাবে না। এদেশের জনগণ কখনো ভাস্কর্য ভাঙে না। যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করিয়েছে। এই অপশক্তিকে চিহ্নিত করতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়