ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৪, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫১, ১১ জানুয়ারি ২০২১

২৬ জানুয়ারি থেকে নিবন্ধন, আট সপ্তাহের ব্যবধানে টিকার ডোজ

ফাইল ছবি

ফাইল ছবি

২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে যে কোনো একদিন বেক্সিমকোর মাধ্যমে দেশে করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি আরো বলেন, ২৬ জানুয়ারি থেকে টিকার জন্য নিবন্ধন শুরু হবে। নিবন্ধনকারীদের আট সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে।

আজ (সোমবার) বিকেল সোয়া চারটায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসব কথা জানান।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, এর আগে আমাদের জানানো হয়েছিল, প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।  সে হিসেবে প্রথমে ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা ছিল।  কিন্তু গতকাল নতুন নিয়ম জানার পর আমরা পরিকল্পনায় পরিবর্তন এনেছি।  প্রথম যে ৫০ লাখ টিকা আসবে তা দিয়ে দেওয়া হবে।  দুই মাসের মধ্যে আরও টিকা চলে আসবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়েছে। বেক্সিমকো আমাদের জানিয়েছে, সেরাম ইনস্টিটিউট আমাদেরকে ভ্যাকসিন দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।  ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই আমরা ভ্যাকসিন পেয়ে যাব।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নিবন্ধন অ্যাপ যেভাবে কাজ করবে-

আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য অ্যাপটি ডাউনলোড করতে হবে অথবা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে থাকা প্রায় ১৯টি পেশার মধ্যে নিজের বিভাগ বেছে নিতে হবে। এরপর, ব্যবহারকারীকে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে বাকি তথ্য পূরণ করে নেবে।

নিবন্ধনকারীকে এই অ্যাপে ডায়াবেটিস, ক্যানসার, উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগ আছে কি না, সে তথ্য দিতে হবে।

সেই সঙ্গে বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর দিলে নিবন্ধনকারী মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাবেন। ওটিপি দেওয়ার পর একটি ভ্যাকসিন কার্ড তৈরি হবে। ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ কোথায় এবং কখন দেওয়া হবে তা কার্ডে উল্লেখ থাকবে।

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেলে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে মর্মে একটি প্রত্যয়নপত্র দেওয়া হবে।

কেউ ভ্যাকসিন পেয়েছেন কি না, তা যাচাই করতে ইমিগ্রেশন এবং বিভিন্ন দূতাবাস এই ওয়েব পোর্টালের সাহায্য নিতে পারবে। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়