ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১২, ১১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:১২, ১১ জানুয়ারি ২০২১

প্রথম দফায় করোনার টিকা পাবেন যারা

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে। প্রথম দফায় কারা এ টিকা পাবেন তাদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

তালিকানুযায়ী কোভিড-১৯ স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা পাবেন।

এরপর রয়েছেন মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা। 

আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

এরপর বয়স অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী, স্থল-নৌ-বিমান বন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার ভ্যাকসিন পাবেন। 

এরপর ধীরে ধীরে দেশের সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

প্রথম ধাপে সেরামের ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। তবে প্রথম ধাপে ২৫ লাখ নয়, ৫০ লাখ ডোজই প্রয়োগ করা হবে। আগে সিদ্ধান্ত ছিল, ৫০ লাখের ২৫ লাখ দেওয়া হবে কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫০ লাখই প্রয়োগ করা হবে।

এছাড়া ৬৪ জেলার মধ্য ২৮টি জেলায় ভ্যাকসিন সংরক্ষণাগার তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে ৭ হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হবে।

নিবন্ধন অ্যাপ যেভাবে কাজ করবে-

আইসিটি বিভাগ সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য অ্যাপটি ডাউনলোড করতে হবে অথবা ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে থাকা প্রায় ১৯টি পেশার মধ্যে নিজের বিভাগ বেছে নিতে হবে। এরপর, ব্যবহারকারীকে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে এনআইডি ডেটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে বাকি তথ্য পূরণ করে নেবে।

নিবন্ধনকারীকে এই অ্যাপে ডায়াবেটিস, ক্যানসার, উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগ আছে কি না, সে তথ্য দিতে হবে।

সেই সঙ্গে বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর দিলে নিবন্ধনকারী মোবাইলে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাবেন। ওটিপি দেওয়ার পর একটি ভ্যাকসিন কার্ড তৈরি হবে। ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ কোথায় এবং কখন দেওয়া হবে তা কার্ডে উল্লেখ থাকবে।

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেলে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে মর্মে একটি প্রত্যয়নপত্র দেওয়া হবে।

কেউ ভ্যাকসিন পেয়েছেন কি না, তা যাচাই করতে ইমিগ্রেশন এবং বিভিন্ন দূতাবাস এই ওয়েব পোর্টালের সাহায্য নিতে পারবে। 
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়