ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১১ জানুয়ারি ২০২১

দেশে টিকা দেয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই

চলতি মাসের ২১ বা ২২ তারিখ ভারতের সিরাম ইন্সটিটিউটের করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে। ফলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্ততর। খবর বিবিসি

সোমবার (১১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ।

সংবাদ সম্মেলনে তিনি  বলেছেন "ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টিকার প্রথম ডোজ দেয়া হবে। আগে ২৫ লক্ষের কথা বলা হলেও এখন ৫০ লক্ষ মানুষকে প্রথম ডোজ দেয়া হবে।"

এদিকে ২৬ জানুয়ারি থেকে করোনা টিকার জন্য অনলাইনে নিবন্ধন হবে বলেও জানিয়েছে  স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা আসার পর দুই দিন এগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে থাকবে। বেক্সিমকোর দুইটি ওয়্যারহাউজ রয়েছে টঙ্গিতে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায় সেখান থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় টিকাগুলো পাঠিয়ে দেওয়া হবে।

প্রথমে যে ৫০ লক্ষ টিকা আসবে তার পুরোটাই দিয়ে দেয়া হবে। আট সপ্তাহ পর দ্বিতীয় চালান আসলে সেই ৫০ লক্ষও পুরো দিয়ে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নিরাপত্তার দায়িত্বে সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। তবে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে বলা হয়েছে অতিরিক্ত ভিড় না করে যাদের ভ্যাকসিনের জন্য নির্বাচিত করা হয়েছে, তারাই যাতে টিকা নিতে যান সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

টিকা পেতে যা করতে হবে-

  • নিবন্ধন: জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে ব্যক্তি নিবন্ধন
  • ভ্যাকসিন কার্ড: ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ
  • এসএমএস বার্তা প্রেরণ: ভ্যাকসিন প্রদানের তারিখ ও তথ্য প্রেরণ
  • প্রথম ডোজ: নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রদান
  • দ্বিতীয় ডোজ: নির্দিষ্ট তারিখ ও সময়ে প্রদান
  • ভ্যাকসিন সনদ: দুইটি ডোজ নেওয়ার পর পোর্টাল হতে সংগ্রহ

আইনিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়