নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ঘুড়ি উৎসব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
ফাইল ছবি
আগামী ১৪ জানুয়ারি ঘুড়ি উৎসব পালনের মধ্য দিয়ে ঢাকা শহরের আকাশ রাঙিয়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে সাকরাইন বা ঘুড়ি উৎসব-১৪২৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসসিসি মেয়র এ কথা জানান।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আপনারা সবাই জানেন, আমার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিলাম- ঐতিহ্যের ঢাকাকে আমরা গড়ে তুলব। আমাদের ঢাকার ঐতিহ্যের মূল উপাদান আমাদের সংস্কৃতি এবং উৎসব। এগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও সমাদৃত। আর সাকরাইন বা ঘুড়ি উৎসব আমাদের সংস্কৃতির একটি অঙ্গ। সেই পরিপ্রেক্ষিতেই আমরা আগামী ৩০ পৌষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই প্রথমবারের মতো একযোগে সাকরাইন উৎসবের আয়োজন করতে যাচ্ছি। আমরা সাকরাইন বা ঘুড়ি উৎসবকে শুধু ঢাকা শহরেই নয়, সারাবিশ্বে পৌঁছে দিতে চাই।
রাজস্ব আহরণের ব্যাপারে ডিএসসিসির মেয়র বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মাঝেও গত ছয় মাসে রেকর্ড পরিমাণ ৩৪৪ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যস্ত রয়েছি। আমাদের অনেক কাজ রয়েছে। আমাদের আরো কাজ করার সুযোগ দেবেন বলে আশা করি। ভুল হলে সেগুলোও আমাদের দেখিয়ে দেবেন।
উল্লেখ্য যে, ‘এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি’ স্লোগানে আগামী ১৪ জানুয়ারি প্রথমবারের মতো একযোগে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হচ্ছে সাকরাইন বা ঘুড়ি উৎসব। দুপুর দুইটা থেকে শুরু হয়ে উৎসবটি চলবে রাত আটটা পর্যন্ত।
আয়োজনের অংশ হিসেবে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের সাধারণ আসনের ৭৫ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ২৫ জন নারী কাউন্সিলরকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে ১০০ করে মোট ১০ হাজার ঘুড়ি সরবরাহ করা হয়েছে। কাউন্সিলররা সেগুলো তাদের নিজ নিজ ওয়ার্ডের জনসাধারণের মাঝে বিলি করবেন। তারা কমিটির নির্ধারিত মাঠ বা বাড়ির ছাদে অবস্থান নিয়ে ঘুড়ি উড়াবেন।
এসময় ব্যারিস্টার তাপস ইট-পাথরের বেড়াজালে ঢাকাকে রুগ্ন সত্তায় পরিণত না করে ঐতিহ্য লালনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং ডিএসসিসির কাউন্সিলররা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























