ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০২, ১৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১৯, ১৬ জানুয়ারি ২০২১

দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বিতীয় ধাপে দেশের ৬০ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (১৬ জানুয়ারি)। করোনা মহামারীর মধ্যেই সকাল ৮টা থেকে নারী-পুরুষেরা দীর্ঘ লাইন ধরে ভোট দিচ্ছেন। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভার মধ্যে ২৮টিতে ইভিএমে ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনি এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের জন্য ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলেও সৈয়দপুর পৌরসভার মেয়র প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া মামলাজনিত কারণে পাবনার সুজানগর পৌরসভার ভোট স্থগিত হয়েছে। 

অপরদিকে প্রথম ধাপে তফসিল হওয়া গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট এ ধাপের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। ফলে শনিবার দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ভোটার ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন। 

এবারের পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৮০টি, ভোটকক্ষ ৬ হাজার ৫০৮টি। নির্বাচনে মেয়র প্রার্থীর সংখ্যা ২২১ জন এবং সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী ৭৪৫ জন। আর সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩২০ জন প্রার্থী অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, প্রথম ধাপে ২৪ পৌরসভায় গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় নির্বাচন। তৃতীয় এবং চতুর্থ ধাপে যথাক্রমে ৩০ জানুয়ারি এবং ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়