ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১৫ জানুয়ারি ২০২১

করোনার সনদ ছাড়া যাত্রী, টার্কিশ এয়ারলাইন্সকে ৩ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের যে ফ্লাইট ঢাকা এসে পৌঁছায় সেখানে তিনযাত্রীর কোভিড-১৯ টেস্টের কোনো সনদ ছিল না। ওই তিনযাত্রী বাংলাদেশি ও একই পরিবারের সদস্য। তারা যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে ঢাকায় পৌঁছান।

ওই তিনযাত্রী যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরুর আগে চিকিৎসকের কাছ থেকে চেকআপ করিয়ে এই মর্মে সনদ নেন যে করোনার কোনো লক্ষণ তাদের নেই। কিন্তু কোভিড শনাক্তকরণের জন্য নির্ধারিত পিসিআর টেস্ট তারা কেউ করাননি।

সরকারের নির্দেশনা অমান্য করে পিসিআর টেস্টের রিপোর্ট ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

কোভিড পরীক্ষা না করিয়ে যে তিনজন যাত্রী ঢাকায় আসেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের একজন জানান, তারা সবাই শিক্ষিত সচেতন মানুষ। তাদের একজন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতেই চাকরি করেন বলে জানা যায়। কোভিডে যুক্তরাষ্ট্র কী অবস্থায় আছে তা তার অজানা নয়। অথচ সে দেশ থেকে নিজের দেশে আসার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা কোভিড টেস্ট করিয়ে আসবেন না, এটা একেবারেই অপ্রত্যাশিত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়