Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬, ১৭ মে ২০২১
আপডেট: ০৯:৪৬, ১৮ মে ২০২১

সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে সাংবাদিককে থানায় হস্তান্তর

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে আটকে রাখার পর প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৭ মে) রাত ৮ টার দিকে পুলিশি পাহারায় স্বাস্থ্য সচিবের কক্ষ থেকে থানায় নিয়ে যাওয়া হয় রোজিনা ইসলামকে। এ সময় তাকে বেশ অসুস্থ দেখাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা জানান।

রোজিনা ইসলামকে আটকে রাখার খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই ভবনে যান। পরে বিকেলে সচিবালয়ের বাইরে জড়ো হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকে রাখার প্রতিবাদ করেন।

কি কারণে রোজিনা ইসলামকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছিল সে বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের বক্তব্য জানার চেষ্টা করেন সাংবাদিকেরা। কিন্তু তা জানা সম্ভব হয়নি।

পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি সরানো ও নথির ছবি তোলার অভিযোগ এনে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন উপ-সচিব মো. শিব্বির আহমেদ ওসমানী।

এক প্রতিবেদনে প্রথম আলো জানায়, রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) বেলা সাড়ে তিনটার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। তাকে সেখানে একটি কক্ষে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রোজিনা ইসলামকে শাহবাগ থানায় নিয়ে রাখা হয়েছে। পুলিশ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে।

শাহবাগ থানায় রোজিনা ইসলামের ছোট বোন সাবিনা সংবাদমাধ্যকে বলেন, আজ তার করোনার দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ ছিল। সেটা নিয়ে তিনি সচিবালয়ে যান। সেখানে তার সোর্সকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে ফিরে আসতে চান। তখন দায়িত্বরত কনস্টেবল তাকে বসতে বলেন। আপু বসতে না চাইলেও তার অনুরোধে বসেন।

তিনি বলেন, সেখানে একটি কক্ষে চেয়ারে বসে একটি পত্রিকা হাতে নেন। তখনই ওই কনস্টেবল তার দিকে তেড়ে এসে জানতে চান পত্রিকা কেন নিয়েছেন হাতে। এরপর আরো কয়েকজন আসে। তারা বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলতে থাকে। ও হুমকি দেয়। তারা পূর্বে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বিষয় উল্লেখ করে হুমকি দেয়। তাকে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে মাটিতে পুঁতে ফেলব।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ফেসবুকে এক পোস্টে বলেন, রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্তা করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে পড়া রোজিনাকে হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসা দেওয়ার দাবি জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়