Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০০, ১৮ মে ২০২১
আপডেট: ১২:০৫, ১৮ মে ২০২১

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মঙ্গলবার (১৮ মে) ৫ দিনের রিমান্ড আবেদন করেছে শাহবাগ থানা পুলিশ। পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ রিমান্ড চেয়েছেন। 

রিমান্ড বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে মঙ্গলবার (১৮ মে) সকাল ৮ টার দিকে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নেওয়া হয়। 

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা একটি ইংরেজি দৈনিকের সাংবাদিক মুক্তাদির রশিদ রোমিও গণমাধ্যমকে বলেন, ‘আমরা সচিবালয়ে গিয়ে রোজিনাকে একটি কক্ষে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে।’  

ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ : https://www.facebook.com/eyenewsmedia

সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এ মামলা দায়ের করেন। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় হস্তান্তর করে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। সেখানে রোজিনা ইসলামের বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ সরকারি নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ আনা হয়েছে। 

ফলো করুন আইনিউজের ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UC5G2eszkn9XuCgv7SKXnf8A/videos

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য রোজিনা ইসলাম কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম (২০১১), টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার (২০১৫), পিআইবি ও দুদকের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম পুরস্কার বাংলাদেশসহ (২০১৪) বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়