Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৭, ১৮ মে ২০২১
আপডেট: ১২:৩৭, ১৮ মে ২০২১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করলেন সাংবাদিকরা

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। ফলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনজন অতিরিক্ত সচিব ব্রিফিং করতে আসলে তা বয়কট করে তারা উঠে যান। 

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে ব্রিফিংয়ের কথা ছিল স্বাস্থের কর্মকর্তাদের। কিন্তু তারা সম্মেলনকক্ষে প্রবেশ করেন ১১টা ২০ মিনিটে। এরপরই বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ সংবাদ সম্মেলন বয়কট ঘোষণা করে সবাইকে সম্মেলন কেন্দ্র ত্যাগ করার অনুরোধ জানান। এরপর সেখান থেকে চলে যান সাংবাদিকরা।

তিনি বলেন, গতকাল রোজিনা ইসলামের বিষয়ে কথা বলতে এবং ঘটনা জানতে আমরা দীর্ঘ সময় স্বাস্থ্য সচিবের রুমের সামনে অপেক্ষা করেছি, তিনি দেখা করেননি। তিনি আমাদের বারবার অপমান করেছেন। আজকের এই ব্রিফিং আমরা বয়কট করছি। পরবর্তী কর্মসূচি আমাদের বিএসআরএফের জরুরি সভা শেষে নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন।

এই ঘোষণার পর সব সাংবাদিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে বেরিয়ে যান। এ সময় বিএসআরএফের অর্থ সম্পাদক মাসউদুল হক ও কার্যনির্বাহী সদস্য মোরসালীন বাবলা উপস্থিত ছিলেন।

এর আগে  সোমবার (১৭ মে) সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। 

পুলিশ জানায়, সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষ থেকে মোবাইল ফোনে ছবি তুলে এবং শরীরে লুকিয়ে নথিপত্রের তথ্য চুরি অভিযোগে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী বাদী হয়ে মামলাটি করেন। রাতে পুলিশ হেফাজতে রোজিনা ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়