ঢাকা, মঙ্গলবার ২৩ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

প্রকাশিত: ০৩:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৩:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সাভারে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে পৌর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আব্দুল মজিদকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কোটপাগার এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, সাভার পৌর বাজারে একটি ক্ষুদ্র ঋণদান সমিতির সঙ্গে জড়িত ছিলেন মজিদ। এদিন রাতে শেখ স্বপন (২৬) নামের এক ব্যক্তির সঙ্গে ওই সমিতির কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই কার্যালয় থেকে কিছু দূরে যেতেই হঠাৎ পেছন থেকে তাদের ওপর দুই রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা। ওই গুলির একটি মজিদের মাথায় লাগে। অপরটি স্বপনের পায়ে লাগে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে মজিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতের বোন নার্গিস আক্তার জানান, একদিন আগে মজিদের সঙ্গে স্থানীয় এক ব্যবসায়ীর ঝগড়া হয়। তার ধারণা, ওই ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গুলিবিদ্ধ শেখ স্বপন বলেন, আমরা হেঁটে বাসায় ফিরছিলাম। দুজন লোক আমাদের দিকে গুলি ছুড়ে। তবে কাউকেই আমি চিনি না। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সায়েদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে; পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আইনিউজ/এসবি
Green Tea
সর্বশেষ