ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ২৭ জুন ২০২১

শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০ এর সমাপনী অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ এর জাতীয় পর্যায়ের সমাপনী আজ রোববার (২৭ জুন) ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যোগদান করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আজাহারুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ উৎসাহব্যঞ্জক অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে তরুণদের স্বীকৃতি ভবিষ্যতে দেশের সমৃদ্ধির জন্য কাজ করতে তাদের বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাপী তরুণ এবং তরুণ স্বেচ্ছাসেবীরাই ছিলো করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রথমদিকের সৈনিক। তারা ত্রাণসামগ্রী বিতরণ থেকে শুরু করে ফসল কেটেছে, জরুরি মেডিকেল সেবা প্রদানে সহযোগিতা করেছে।         

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, চলমান করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের যুবারা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন তার স্বীকৃতি দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০’-এর অধীনে প্রথমবারের মতো ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২০’ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এর মাধ্যমে তরুণদের ১০টি ক্যাটেগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়