ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২৭ জুন ২০২১
আপডেট: ২৩:১৯, ২৭ জুন ২০২১

মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এ ঘটনায় ২ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত ও দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩২ জনকে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ং এর পাশের ভবনে এ ঘটনা ঘটে। তবে ভবনটির নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে।

জানা গেছে আহত ও দগ্ধদের ঢাকা কমিউনিটি ক্লিনিক, আদ্ব-দীন হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, মগবাজারের ঘটনায় বার্ন ইউনিটে ১০ জন ভর্তি হয়েছেন। জরুরি বিভাগে আরও অনেক রোগী আসছেন।

আশঙ্কাজনক রোগীরা হলেন- রাসেল (২৪), জাকির হোসেন (৪০), স্বপন (২২), নয়ন (৩২), মোতালেব (৪০), আবুল কালাম (৩৫), মো. পইমল হোসেন (৪০), মোস্তাফিজ (৪৫), নবী (২৮), আজাদ (৩৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে আমরা ওই ভবনে এসি বিস্ফোরণ হওয়ার খবর পাই। পরে আবার অনেকে ফোন করে জানিয়েছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট পাঠানো হয়েছে।

এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। শুনেছি ভবনটির নিচতলায় বিস্ফোরণ হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, সেখানে একটি ভবন ধসে পড়েছে- এমন খবর পাওয়ার পর আমাদের সদস্যরা সেখানে গেছে। সেখানে কয়েকজন আটকা পড়ার খবরও পাওয়া গেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়