ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২৮ জুন ২০২১
আপডেট: ১৩:৪৩, ২৮ জুন ২০২১

মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

রাজধানীর মগবাজারে ওয়্যারলেস গেটে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য ও ফায়ার সার্ভিসের ঢাকার উপপরিচালক (ডিডি) দিনমণি শর্মা।তিনি বলেন, কীভাবে এই বিস্ফোরণ হয়েছে, তা খুঁজে বের করবে এ কমিটি। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। 

এদিকে বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান সংস্থাটির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে গ্যাস বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণ, তা বলা সম্ভব নয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়