ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১, ২৯ জুন ২০২১
আপডেট: ২১:৩৬, ২৯ জুন ২০২১

সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর দাবি সংসদে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এ অবস্থায় দেশে বেকারের সংখ্যা বাড়ছে। এমন সময়ে সরকারি চাকরিতে প্রবেশে বয়স বাড়ানোর দাবি উঠেছে সংসদে। বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্য এই দাবি জানান।

সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সে কারণে উচ্চশিক্ষার শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করতে পারেননি। আবার লকডাউনের কারণে অফিস-আদালতের কার্যক্রম সীমিত হওয়ায় সরকারি চাকরির নিয়োগ কার্যক্রম থমকে আছে। এসব কারণে অনেকের সরকারি চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়স ৩০ পার হয়েছে, অনেকের পার হওয়ার পথে। এসব কারণে তারা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করে ৩২ বছর করার দাবি জানান তিনি।

মঙ্গলবার (২৯ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

একই দাবি জানান বিএনপির হারুনুর রশীদও। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে ২০২০ সাল থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন জায়গায় নিয়োগ বন্ধ রয়েছে। সুতরাং আজকে যাদের বয়স পার হয়ে যাচ্ছে, তারা অস্থির অবস্থায় আছে। এটা বিবেচনায় রেখে অন্ততপক্ষে কোভিডকালে যতক্ষণ পর্যন্ত করোনামুক্ত হচ্ছি, তার জন্য এই সময়ে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিকে এ ব্যাপারে একটা আশ্বাস দেবেন।

হারুনুর রশীদ বলেন, বেসরকারি মানসম্মত স্কুল-কলেজে কর আরোপ দূরের কথা এদেরকে প্রণোদনা দেন। এদের আরও আর্থিক সহায়তা দেন। তাহলে দেশে যে দক্ষ জনবল জনশক্তি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি অগ্রসর হবো।

উল্লেখ্য, সংক্রমণের ঊর্ধ্বগতির পরিস্থিতির কারণে সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আটকে আছে, কিছু পরীক্ষাও নেয়া অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় দেশে বেকারের সংখ্যা বাড়ছে। অন্যদিকে সরকারি চাকরিতে শূন্যপদ তিন লাখের বেশি।  

সম্প্রতি প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস, ২০২০’ শীর্ষক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে সরকারি চাকরিতে তিন লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য রয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়