ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ২৯ জুন ২০২১

তৈরিপোশাক খাতে দক্ষ জনশক্তির ঘাটতি পূরণ হবে: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তৈরিপোশাক খাতে দক্ষ জনশক্তির বিপুল চাহিদা রয়েছে। বিদেশীকর্মীরা  দেশের ম্যানেজমেন্টের এ ঘাটতি পূরণ করে। ম্যানেজমেন্ট পরিচালনার জন্য দেশেই দক্ষ জনশক্তি সৃষ্টি করা সম্ভব। তৈরিপোশাক খাতের উদ্যোক্তারা এ উদ্দেশ্যকে সামনে রেখে বিজিএমইএ ইউনিভার্সিটি অভ্ ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানটি দেশের জন্য খুবই সম্ভাবনাময়। এখানে শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে ম্যানেজমেন্টের প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় দেশের রপ্তানি বৃদ্ধির জন্য সবসময় কাজ করে যাচ্ছে। রপ্তানি বৃদ্ধিতে যে সকল খাতের সহযোগিতা প্রয়োজন, তা সরকার প্রদান করবে। তৈরিপোশাক খাতকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত তৈরিপোশাক শিল্পে কর্মরত মিড-লেভেল ম্যানেজার ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রফেশনাল ডিপ্লোমা কোর্স চালুর লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং বিইউএফটি এর মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তৈরিপোশাক বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত। আমাদের রপ্তানির প্রায় ৮৪ ভাগ আসে তৈরিপোশাক খাত থেকে। আশা ছিল ২০২১ সালের মধ্যে এ খাতের রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করা যায় আগামী ২০২৪-২৫ সালে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

উল্লেখ্য, এ চুক্তির আওতায় বিইউএফটি গার্মেন্টস বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যান্যুফ্যাচারিং সিস্টেম, সাপলাই চেইন ম্যানেজমেন্ট এ তিনটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করবে। প্রতিটি কোর্সে ৩৫ জন করে মোট ১০৫ জন প্রশিক্ষণার্থী এ কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। প্রতি কোর্সের মেয়াদ হবে ৬ মাস। বিজিএমইএ এবং বিকেএমইএ এ কোর্সের জন প্রয়োজনীয় শিক্ষার্থী সিলেকশন করবে। বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ইপিবি’র পক্ষে মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এবং বিইউএফটি’র পক্ষে ড. প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব নবী খান।

ইপিবি’র ভাইস-চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআই এর সহসভাপতি এম এ মোমেন, বিকেএমইএ এর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিইউএফটি এর বোর্ড অভ্ ট্রাস্টিজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়