ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ১ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৬, ১ জুলাই ২০২১

বাংলাদেশকে আরো ৯০ কোটি টাকা দিচ্ছে সুইজারল্যান্ড

করোনাভাইরাস প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা জোরদারে বাংলাদেশকে অতিরিক্ত ৯০ কোটি টাকা সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড। 

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বাংলাদেশে করোনা বেড়ে যাওয়ায় কমিউনিটি ভিত্তিক কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আরো জোরদার করার জন্য সুইজারল্যান্ড অতিরিক্ত ৯.৮ মিলিয়ন সুইস ফ্র্যাংক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

সুইস দূতাবাস জানায়, গত বছরের এপ্রিলে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর থেকে প্রান্তিক জনগোষ্ঠী এবং সম্মুখসারির সংস্থাগুলোকে সহায়তা করার জন্য সুইজারল্যান্ড বাংলাদেশজুড়ে ২০টি প্রকল্পে ১৭ মিলিয়ন সুইস ফ্র্যাংক (প্রায় ১৬০ কোটি টাকা) অর্থসহায়তা দিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ কার্যক্রমগুলো মহামারির নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সময়োচিত প্রতিকার প্রদানে কার্যকর ভূমিকা রেখেছে। সুইস সহযোগিতায় এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে সচেতনতা ও প্রশিক্ষণ লাভ করেছে। 

জানা গেছে, কোভ্যাক্স উদ্যোগে অতিরিক্ত ৩০০ মিলিয়ন সুইস ফ্র্যাংক সহায়তার প্রতিশ্রুতি দেওয়ার পর সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল বুধবার এ বৈশ্বিক উদ্যোগে চল্লিশ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুদানের ঘোষণা দিয়েছে। এটি উন্নয়নশীল দেশগুলোতে আরো অধিক পরিমাণে টিকা দ্রুত সরবরাহে সাহায্য করবে।

 আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়