ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১ জুলাই ২০২১
আপডেট: ২৩:৩৪, ১ জুলাই ২০২১

দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা টেস্ট করবে সরকার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত কয়েকদিন থেকে দেশে বাড়ছে করোনা শনাক্তের হার। এমন অবস্থায় সারাদেশে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে করোনা শনাক্তের (টেস্ট) ব্যবস্থা করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক অফিস নির্দেশনা থেকে একথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বাড়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি দিয়ে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।  

এ অবস্থায় কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধু জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, সেইসাথে তাল মিলাচ্ছে মৃত্যুর অঙ্কটাও। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কা জাগাচ্ছে জনমনে। সর্বশেষ বৃহস্পতিবার (১ জুলাই) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। এর আগে গত ২৭ জুন দেশে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানা গিয়েছিল। এদিকে ২৬ জুন ছাড়া গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যু দেখছে বাংলাদশ।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। বিস্তারিত...

এদিকে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র‌্যাব মাঠে রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আছেন।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়