ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ২ জুলাই ২০২১
আপডেট: ২২:৪১, ২ জুলাই ২০২১

বাড়ছে করোনা সংক্রমণ, রাজধানীর পাঁচ হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ

দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ফলে হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। এতে রাজধানীর পাঁচটি হাসপাতালের সবগুলো নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পূর্ণ হয়ে গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিটের ২৬ শয্যা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ শয্যা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ শয্যা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ শয্যা ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ শয্যার সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে, কোনো শয্যাই ফাঁকা নেই।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, রোগী সংক্রমণের এ ঊর্ধ্বগতিতে হাসপাতালগুলোতে এখনো কিছুটা শয্যা ফাঁকা রয়েছে। তবে সেটা ক্রমেই রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে। আর সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে রোগী সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্য হাসপাতালগুলোর আইসিইউ বেডে রোগী বাড়তে শুরু করেছে। এর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ আইসিইউ শয্যার মধ্যে আটটি, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি শয্যার একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ শয্যার দুটি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ শয্যার চারটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০ শয্যার মধ্যে তিনটি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২টি আইসিইউ শয্যার মধ্যে ফাঁকা রয়েছে ১০২টি।

রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সরকারি ও স্বায়ত্ত্বশাষিত ১৬টি হাসপাতালে মোট ৩৮৪টি আইসিইউ শয্যার মধ্যে এ মুহূর্তে ফাঁকা রয়েছে ১২৭টি।

অপরদিকে, রাজধানীতে বেসরকারি ২৮টি হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ৪৪১টি। এসব হাসপাতালে বর্তমানে শয্যা ফাঁকা রয়েছে ২৫৫টি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়