ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৪, ৩ জুলাই ২০২১
আপডেট: ১৩:১৪, ৩ জুলাই ২০২১

আজও কঠোর প্রশাসন

লকডাউনে টহল দিচ্ছে বিজিবি। ছবি: পিআইডি।

লকডাউনে টহল দিচ্ছে বিজিবি। ছবি: পিআইডি।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে চলছে তৃতীয় দিনের ‘কঠোর বিধিনিষেধ’। গত দুই দিনের মতো সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে আজও মাঠে রয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

সপ্তাহব্যাপী বিধিনিষেধের তৃতীয় দিন সকাল থেকেই রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পোস্ট বসিয়ে তারা মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। সকাল পৌনে ১০টা পর্যন্ত সড়কগুলোতে কিছু প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা গেলেও তুলনামূলক কম। তবে রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার ছুটির দিন হওয়ায় যান চলাচল কিছুটা কম বলে ধারণা করা হচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চলাচল বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

লকডাউনের সকালে ঢাকার পোস্তগোলা এলাকা। ছবি: পিআইডি।

বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আজও তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জরুরি ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। সকাল থেকে গণমাধ্যমসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের যানবাহন যাতায়াত করতে দেখা গেছে। পণ্যবাহী কিছু যান চলেছে। তবে সংখ্যায় কিছুটা কম। অলগলিতে মানুষের আনাগোনা দেখা গেলেও প্রধান সড়কগুলোতে তেমনটা নেই। নিত্যপণ্যের কিছু দোকানপাট ও কাঁচাবাজার খোলা আছে। অন্যান্য জায়গার তুলনায় এসব দোকানে ভিড় তুলনামূলক বেশি দেখা গেছে।

সব চেকপোস্টে ডিএমপির সদস্যরা সচেতন।

রাজধানীর বিভিন্ন মোড়ে যেসব চেকপোস্ট বসানো হয়েছে সেগুলোতে গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাইরে বের হওয়ার সঠিক কারণ যারা জানাতে পারছে তাদের গাড়ি ব্যারিকেড পার হয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। অপরদিকে যারা জরুরি কোন কারণ দেখাতে পারছে না তাদের গাড়ি ফেরত যাচ্ছে।

সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে ডিএমপি’র ক্রাইম, ট্রাফিক ও গোয়েন্দা বিভাগ মাঠে কাজ করেছে। পাশাপাশি প্রত্যেকটি বিভাগেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়