ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ৫ জুলাই ২০২১
আপডেট: ২০:৫৯, ৫ জুলাই ২০২১

প্রয়োজনীয় টিকা সংগ্রহে বাংলাদেশ সফল হবে: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ।

সোমবার (৫ জুলাই) সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

করোনার টিকা নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যে দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডোজ টিকা। সময় মতো আরও টিকা আসবে।’

দেশে অক্সিজেনের কোনো সংকট নেই জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে, তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন।’

সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার বিকল্প নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার জন্য হলেও আমরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।’

সদ্য শেষ হওয়া জাতীয় সংসদের ১৩তম অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে বিএনপির সমালোচনার জবাবে কাদের বলেন, ‘বিএনপির এই সমালোচনা বরাবরের মতো দীপ্যমান সত্যকে অস্বীকার করার কসরত মাত্র।’

তিনি বলেন, ‘বিএনপি ঢালাওভাবে মন্তব্য করলেও সংসদ নেতার কোন বক্তব্যটি অসত্য তা স্পষ্টভাবে বলতে পারেনি, প্রকৃতপক্ষে সংসদ নেতার ভাষণ ছিল ইতিহাসের কঠিন সত্যপাঠ।’

যারা মিথ্যার ওপর আশ্রয় নিয়ে ও মিথ্যায় ভর করে রাজনীতি করে, সত্য প্রকাশিত হলে বিএনপির গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়