ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪২, ৮ জুলাই ২০২১
আপডেট: ১৮:২৭, ৮ জুলাই ২০২১

করোনায় মৃত্যুর মিছিলে আরও ১৯৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ১৯৯ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১১ হাজার ৬৫১ জন করোনা রোগীকে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

সেই থেকে এখন পর্যন্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। অপরদিকে মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছেন ১৫ হাজার ৭৯২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ৬৫ জনই ঢাকার। এছাড়া চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, খুলনায় ৫৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ৬, ২১ থেকে ৩০ বছরের ৯ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।

এর আগে, গতকাল বুধবার ২০১ জনের মৃত্যু খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১১ হাজার ১৬২ জন।

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৫ হাজার ৮৪৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জনে।  

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়