ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ৯ জুলাই ২০২১
আপডেট: ১৬:৩৭, ৯ জুলাই ২০২১

আম উপহার ঢাকা সফরের সেই আতিথেয়তা স্মরণ করিয়ে দিলো: মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে হাড়িভাঙা আম উপহার পেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, আম উপহারের সৌজন্যতা আমার হৃদয় ছুঁয়েছে। ঢাকা সফরের সময় আমাকে যে অসাধারণ আতিথেয়তা দেয়া হয়েছিল, এই আম উপহার সেটাই স্মরণ করিয়ে দিলো।

চিঠিতে মোদি আরও উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারিতে নানা ধরনের প্রতিবন্ধকতা সত্ত্বেও উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সমুন্নত হয়েছে। করোনাকালেও আমাদের দ্বিপক্ষীয় বিষয়গুলো এগিয়ে চলেছে, যা আমাদের উভয়ের জন্য ভালো।

প্রতি বছর আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছে উপহার হিসেবে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য ২ হাজার ৬০০ কেজি রংপুরের হাড়িভাঙ্গা আম উপহার পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার (৪ জুলাই) সীমান্তে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতের উদ্দেশ্যে ২৬০ কার্টন বোঝাই ২৬০০ কেজি হাড়িভাঙ্গা আম ভারতের হাতে তুলে দেন বাংলাদেশের কর্মকর্তারা।

ভারত-বাংলাদেশ উভয় রাষ্ট্রের পক্ষ থেকে নানা প্রচেষ্টা সত্ত্বেও বহু প্রতিক্ষীত তিস্তার পানি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছায়নি, করোনা ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে করোনার আবহে ভারত থেকে সেই ভ্যাকসিনও হঠাৎ করেই বাংলাদেশে আসা থমকে গেছে। কিন্তু তা সত্ত্বেও সৌজন্যতার কূটনীতিতে কমতি রাখতে চাইছে না বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়