ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫২, ১০ জুলাই ২০২১
আপডেট: ২১:৩৩, ১০ জুলাই ২০২১

সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আট আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসেমসহ আট আসামির প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১০ জুলাই) বিকেলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খানমের আদালত এ আদেশ দেন। এর আগে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

আসামিরা হলেন-সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হাসেম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহেনশাহ আজাদ, আবুল হাসেমের চার ছেলে (গ্রুপের ডিএমডি) হাসিব বিন হাসেম ওরফে সজীব, (পরিচালক) তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম; হাসেম ফুডসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান বলেন, আগুনের ঘটনায় আটজনকে আটক করা হয়। রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এরপর তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।  

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। এতে ওই রাতেই তিনজনের মৃত্যুর খবর জানানো হয়, আহতও হন বেশ কিছু শ্রমিক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় শুক্রবার সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়