ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৪, ১৪ জুলাই ২০২১
আপডেট: ২৩:২১, ১৪ জুলাই ২০২১

যে ছয় শর্তে বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে আটদিনের জন্য কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সড়কে চলবে সবধরনের গণপরিবহন। তবে এসময়ে গণপরিবহন চলাচলের জন্য ছয়টি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) জরুরি বিজ্ঞপ্তি জারি করে এসব শর্ত বেঁধে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শর্তগুলো হলো-

১. একজন যাত্রীকে বাস ও মিনিবাসে পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসিয়ে অন্য আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুাযায়ী শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আড়াআড়িভাবে আসন বিন্যাস করতে হবে। মোটরযানের নিবন্ধন সনদে উল্লেখ করা আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না।

২. সমন্বয় করা ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ বর্ধিত ভাড়ার) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৩. গণপরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার ও টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

৪. যাত্রার শুরু ও শেষে বাস বা মিনিবাস পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

৫. যানবাহনের মালিকদের যাত্রীদের হ্যান্ডব্যাগ, মালপত্র, জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

৬. সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গণপরিবহনে যাত্রী ওঠানামা করতে হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়