ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ১৫ জুলাই ২০২১
আপডেট: ১৬:৫১, ১৫ জুলাই ২০২১

‘বিএনপির অপপ্রচার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে পড়েছে’

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। 

করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এখনকার রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে। যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে তিনি বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে। তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না। ভ্যাকসিন নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই।

ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরলে লকডাউনের প্রয়োজন হয় না। মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিষ্কৃতির কার্যকর পথ।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়