ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৯, ১৫ জুলাই ২০২১
আপডেট: ১৮:১৪, ১৫ জুলাই ২০২১

দেশে করোনা থেকে সুস্থ হলেন ৯ লক্ষাধিক মানুষ

দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৯ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সেই তালিকায় যুক্ত হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। এতে করে মোট সুস্থতার সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৫ হাজার ৮০৭ জনে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে আরও ২২৬ জন করোনা রোগী মারা গেছেন। যার মধ্যে ১৪০ জন পুরুষ এবং ৮৬ জন নারী। এদের মধ্যে ২০ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৪ জন। এছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

এনিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে। যাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৫৩ জন এবং নারী ৫ হাজার ২২৫ জন।

এছাড়া করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৬০৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। 

নমুনা পরীক্ষায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ হাজার ২৩৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণেও চলে আসে। চলতি বছরের শুরুতেও নিয়ন্ত্রণে ছিলো। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। বর্তমানে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একই সাথে সুস্থতাও বাড়ছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়