ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ১৫ জুলাই ২০২১
আপডেট: ২৩:০২, ১৫ জুলাই ২০২১

যে চার ধরনের টিকা নিয়ে সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা

চার ধরনের টিকা নিয়ে সৌদি আরবে ফিরতে পারবেন বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা। এর বাইরে অন্য কোনো টিকা নিলে তাদের গ্রহণ করবে না সৌদি।

বৃহস্পতিবার এ তথ্য জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।

রিয়াদ দূতাবাস জানায়, যারা নতুন করে সৌদি আরবে আসছেন, সৌদি সরকার করোনাভাইরাসের টিকা হিসেবে চার প্রকার টিকা গ্রহণযোগ্য বলে অনুমোদন দিয়েছে। এসব টিকা হলো—ফাইজার-বায়ো-এনটেক (দুই ডোজ), অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (দুই ডোজ), মর্ডানা (দুই ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (এক ডোজ)।

বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাবেন তারা চারটির মধ্যে যেকোনো একটি কোম্পানির টিকার ডোজ নিলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তবে টিকা নিলেও ভ্রমণের আগে (৭২ ঘণ্টার মধ্যে) অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করতে হবে।

টিকার পূর্ণ ডোজ নেয়া ছাড়া সৌদি আরবে প্রবেশ করলে প্রবাসীকে বাধ্যতামূলক সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু ইকামাধারী অভিবাসী যারা সৌদি আরবে টিকা নিয়ে ছুটিতে দেশে রয়েছেন এবং যাদের তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। কিন্তু পিসিআর নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

প্রথম ডোজ টিকা নেয়ার ১৮০ দিন পর্যন্ত তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন প্রদর্শন করে। এ সময়ের মধ্যে ভ্রমণ করলে কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না।

যারা প্রথমবারের মতো সৌদি আরব যাবেন তাদের জন্য সৌদি সরকার অনুমোদিত টিকা ভ্রমণের ১৪ দিনে আগে নেয়া হলে এবং টিকা নেয়ার সনদ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়