ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ১৭ জুলাই ২০২১
আপডেট: ১৪:২২, ১৭ জুলাই ২০২১

ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউন, বন্ধ থাকবে শিল্পপ্রতিষ্ঠান

ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এই সময়ে গার্মেন্টসহ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি। 

শনিবার (১৭ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬ এর ৯৬তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তিনি বলেন, লকডাউনের সময় সরকারি, বেসরকারি অফিসসহ গার্মেন্টস ও শিল্পকারখানা বন্ধ থাকবে।

এদিকে কোভিড-১৯ এর ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই লকডাউন শিথিল করেছে সরকার। পবিত্র ঈদুল আজহা উদযাপনের স্বার্থে ৯ দিনের জন্য লকডাউনের সব বিধিনিষেধ স্থগিত করেছে সরকার।

গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে জানায়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করা হল।

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে- এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ফের শুরু হবে সর্বাত্মক লকডাউন। এই লকডাউন আগের চেয়েও কঠিন। আগের লকডাউনে গার্মেন্ট-কলকারখানা চালু ছিল। ঈদ পরবর্তী লকডাউনে সরকারি-বেসরকারি অফিস, গার্মেন্ট, শিল্পকারখানা, মার্কেন ও দোকানপাট বন্ধ থাকবে।

এগুলোসহ ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়