ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১২, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১২:২১, ১৮ জুলাই ২০২১

সাবেক আইজিপি এ ওয়াই বি আই সিদ্দিকী আর নেই

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), সাবেক সচিব ও রবীন্দ্রসংগীত শিল্পী আবু ইউসুফ বুরহানুল ইসলাম সিদ্দিকী (এ ওয়াই বি আই সিদ্দিকী) মারা গেছেন। শনিবার (১৮ জুলাই) মধ্যরাতে মারা যান তিনি।

জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ওয়াই বি আই সিদ্দিকীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মুঠোফোনে একটি ক্ষুদে বার্তা পাঠিয়েছে। ডিএমপির ক্ষুদে বার্তায় বলা হয়, প্রয়াত বুরহান সিদ্দিকী বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।

আজ রোববার (১৮ জুলাই) সকাল ১০ টায় রাজারবাগ পুলিশ লাইনস্থ শেরু মিঞা হল-এ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং বিকেল সোয়া ৫টায় সীতাকুণ্ডস্থ দক্ষিণ রহমতনগর গ্রামে মরহুমের স্থায়ী নিবাস প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

এ ওয়াই বি আই সিদ্দিকী ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে ২০০০ সালের জুন মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পানি সম্পদ ও বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদে তার তৃতীয় চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০০৩ সালে শেষ হয়। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন। তারপর একাধিক আন্তর্জাতিক পানি গবেষণা, আইনশৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের এসএমই এবং পরামর্শক হিসাবে কাজ করেছেন।

বুরহান সিদ্দিকী বেড়ে ওঠেন চট্টগ্রামে এবং কলেজে পড়াশোনা শেষ করে লাহোরে চলে যান। সাবেক মন্ত্রী এলকে সিদ্দিকীর ভাই তিনি। ১৯৭১ সালে তিনি রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। তাদের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। ছেলে লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অব সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক।

নিজ বাড়িতে বিকেলে জানাজা শেষে ভাই ও বাবার কবরের পাশে সমাহিত করা হবে সীতাকুণ্ডের এই কৃতী সন্তানকে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়