ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২৩:১৮, ১৯ জুলাই ২০২১

দেশে পৌঁছেছে মডার্নার ৩০ লাখ টিকা

করোনাভাইরাস প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় মডার্নার ৩০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে টিকা বহন করা বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে, গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছায়। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।

২২ জুন হোয়াইট হাউস করোনার টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের পাশাপাশি এশিয়ার ১৮টি দেশকে নতুন করে ১ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া বিশ্বের আরও ৩০টি দেশ ও জোটকে যুক্তরাষ্ট্র সরাসরি যে ১ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেবে, সেই তালিকায়ও রয়েছে বাংলাদেশের নাম।

যুক্তরাষ্ট্র তার মজুত থেকে যে টিকা সরবরাহ করবে, তা হবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের উৎপাদিত। তবে জানা গেছে, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেলে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকাও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়