ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৫, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৪:১৯, ২০ জুলাই ২০২১

ঈদ জামাত ঘিরে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে: ডিএমপি কমিশনার

রাজধানীতে পবিত্র ঈদুল আজহার জামাত ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ঈদ কেন্দ্রিক রাজধানীতে নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেহেতু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ মহানগরীর সব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, তাই আমরা সেভাবে নিরাপত্তা নিশ্চিত করেছি। মসজিদে মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য অনুরোধ জানিয়েছি।

তিনি বলেন, নিজস্ব প্রতিষ্ঠান, আবাসন, অ্যাপার্টমেন্ট, বিপণী বিতানসমূহে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিকিউরিটি গার্ডের ডিউটি জোরদার করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে দিবারাত্র ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখা। উক্ত সিকিউরিটি গার্ডের ডিউটি তদারক করার জন্য মার্কেট মালিক সমিতি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন ইত্যাদি কর্তৃক তদারকি কমিটি করে দিবারাত্র ২৪ ঘণ্টা পালাক্রমে উক্ত কমিটি দায়িত্ব পালন করবেন।

তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ক্ষেত্রে ধারণকৃত ভিডিও হার্ডডিস্কে ঠিকমত রেকর্ড হচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা/কর্মচারীকে একসঙ্গে ছুটি প্রদান না করে একটি অংশকে দায়িত্ব পালনে নিয়োজিত রাখা, যাতে করে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে পারেন।

তিনি বলেন, মূল্যবান সামগ্রী যেমন স্বর্ণালংকার, দলিল, অর্থ ইত্যাদি নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবন্ধ করুন। কাছের আত্মীয় স্বজনের কাছে রাখুন অথবা ব্যাংক লকারের সহায়তা নিন। বাসা-বাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবন্ধ করুন। যে সমস্ত দরজা জানালা দুর্বল অবস্থায় আছে তা মেরামতের মাধ্যমে সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন।

ডিএমপি কমিশনার বলেন, মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন। মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকবৃন্দকে অনুরোধ জানাচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়