ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২৪, ২৯ জুলাই ২০২১
আপডেট: ১৩:৩৮, ২৯ জুলাই ২০২১

অব্যাহত থাকবে ভারি বৃষ্টি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি এখন দেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাচ্ছে। তাই সমুদ্রবন্দর ও দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বৃহস্পতিবারও বহাল রাখা হয়েছে।

একইসঙ্গে চার বিভাগে অতিভারি বৃষ্টি অব্যাহত এবং এতে পাহাড়ধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়। সেখানে ২৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অন্যান্য বিভাগের তুলনায় কম ছিল।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এ সময় ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। যা অস্থায়ীভাবে ২৫ থেকে ৩৫ কিলোমিটার গতির দমকায় রূপ নিতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার বেলা ১১টায় আবহাওয়ার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চালনশীল (বজ্রমেঘ) মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

ভারি বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও ভারি বর্ষণে সতর্কবাণীতে জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়